এক হাজার বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১-এর অভিযানে ১ হাজার ২৩ বোতল ফেয়ারডিল (ফেনসিডিলের বিকল্প মাদক), ২৬ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মোল্লা (২১) ও জাবেদ (৩৫)।
শনিবার (৪ এপ্রিল) সকালে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, ভোর রাত ৪টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার চেঙ্গাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল অভিযান চালায়।
এ সময় ১ হাজার ২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে, একই দিনে রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ নারায়ণগঞ্জ কম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘মাদক নির্মূলে র্যাব-১১ বদ্ধপরিকর। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
