লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মেঘনায় কালীগঞ্জ লঞ্চঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ সাব্বির-২ নদীর মাঝখানে একটি বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তলিয়ে যায় বাল্কহেডটি।
তবে বাল্কহেডে থাকা কোনো শ্রমিক নিখোঁজ হয়েছেন কিনা, তা বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি।
নৌপুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে বিস্তারিত জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, দুর্ঘটনায় নদীপথে কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়দের আশঙ্কা, বাল্কহেডে কেউ থাকলে হতাহতের ঘটনা ঘটতে পারে।
নৌপুলিশের এক কর্মকর্তা বলেন দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করা হবে। এরপর বিস্তারিত জানা যাবে।
