১৬০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: ইরানি বিমান বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি
ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির আকাশ প্রতিরক্ষা অবস্থানগুলো পরিদর্শনের সময় ইরানের ড্রোন বিভাগের প্রধান ও ইরানি বিমান বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি জানিয়েছেন, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুপক্ষের বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ১৬০টিরও বেশি ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ভূপাতিত করা ড্রোনের মধ্যে এমকিউ-৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোনও রয়েছে।
শনিবার (৪ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এলহামি উল্লেখ করেন, এই ব্যবস্থা আক্রমণকারীদের ‘কাল্পনিক প্রোপাগান্ডা’ ভেঙে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে।
এলহামি জানান, সেনাবাহিনী ও আইআরজিসির ইউনিটগুলোর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের একাধিক শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি তাদের কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যেরই ফল। এটি শত্রু বাহিনীকে বিভ্রান্ত করে দিয়েছে বলে তিনি দাবি করেন।
এলহামি বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনো মূল্যে ইরানের আকাশ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু মানুষ হতাহত হয়েছেন।
জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
