শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী সাদ্দাম হোসেন ওরফে ‘গলা কাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার আব্দুল করিমের ছেলে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাদ্দাম সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছিল।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুর এলাকায় হত্যা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সাদ্দাম। অস্ত্র প্রদর্শন ও এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবরশাহ ও সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র আইন, নাশকতা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
