জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:১১ পিএম
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল নেওয়া নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে দাদনচক হল মোড়ের মির্জা ফিলিং স্টেশন এলাকায় বাররশিয়া ও দাদনচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেলে ওই ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় বাররশিয়া ও দাদনচক গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ২৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একই দিন রাতে দাদনচক গ্রামের কৃষক আজিজুল হক বাররশিয়া মাঠে সেচ দিতে গেলে তাকে আটকে রাখা হয়।
এর ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে মনাকষা-শিবগঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং উভয়পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দাদনচক হল মোড় এলাকায় কয়েকটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজম আলি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উভয়পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের পর মির্জা ফিলিং স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
