জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি- সংগৃহীত
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রণালিটিতে দীর্ঘমেয়াদি অবরোধের ইঙ্গিত দেওয়ার পরই বাজারে এই অস্থিরতা তৈরি হয়। এতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১১৬.৮ ডলারে পৌঁছেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৮ ডলারে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যুদ্ধ অবসানে তেহরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাঁর সহযোগীদের হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে ওঠে। ২ মার্চ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দেয়। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু কোনো স্থায়ী চুক্তি না হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি। ২১ এপ্রিল ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানালেও অবরোধ তুলে নেওয়ার কোনো ঘোষণা দেননি।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এই রুটটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। বর্তমানে পাকিস্তান ও ওমানের মাধ্যমে দুই পক্ষ সমঝোতার চেষ্টা চালালেও ট্রাম্পের সাম্প্রতিক অনমনীয় অবস্থান জ্বালানি বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
