হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেফাজতের আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর কাছে দোয়া চান। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আলোচনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে জানা গেছে।
সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক (চট্টগ্রাম) জোবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি।
সাক্ষাৎ শেষে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাফল্য কামনা করে তাঁর জন্য বিশেষ দোয়া করেন হেফাজত আমির।
