বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি : সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটে গেছে এক মর্মস্পর্শী ঘটনা—বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই প্রাণ হারালেন আরেক বন্ধু।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। সকালে আবুল হাশেমের দীর্ঘদিনের সঙ্গী বাচ্চু পাটওয়ারী বার্ধক্যজনিত কারণে মারা যান। বন্ধুর মৃত্যুর শোকে ভেঙে পড়েন আবুল হাশেম। পরে দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে সেই কবরেই ঢলে পড়েন তিনি।
স্থানীয়রা জানান, বাচ্চু পাটওয়ারী ও আবুল হাশেম—দুজনই দক্ষিণ কেরোয়া গ্রামের বাসিন্দা এবং তাদের বয়স প্রায় ৯০-এর কাছাকাছি ছিল। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের। একজন কাঠমিস্ত্রির কাজ করতেন, আরেকজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। এলাকায় কেউ মারা গেলে তারা দুজন মিলে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। এভাবে শতাধিক কবর খুঁড়েছেন তারা।
রোববার রাতেও একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। সোমবার ভোরে একসঙ্গে ফজরের নামাজও আদায় করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাচ্চু পাটওয়ারী নিজ বাড়িতে ইন্তেকাল করেন। খবর পেয়ে ছুটে যান আবুল হাশেম। পরে বন্ধুর দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেও মৃত্যুবরণ করেন।
আবুল হাশেমের ছেলে জহির হোসেন জানান, তার বাবা ও বাচ্চু পাটওয়ারী খুবই ঘনিষ্ঠ ছিলেন। তারা সবসময় একসঙ্গে থাকতেন এবং এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে কবর খুঁড়ে দিতেন।
অন্যদিকে, বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই আবুল হাশেম কবরের ভেতরে শুয়ে পড়েন। পরে তাকে দ্রুত উঠিয়ে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, তিনি ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।
