ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে যাচ্ছে তেহরান। ছবি- সংগৃহীত
হরমুজ প্রণালিতে ইরানের পতাকাবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের কবজায় নেওয়ার ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হলেও, শেষ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছে তেহরান। সোমবার (২০ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশ না নেওয়ার কথা জানালেও, নতুন এই তথ্য কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, তেহরানের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় অংশ নেওয়া একই প্রতিনিধিদল এবারও অংশ নেবে। দলটির নেতৃত্বে থাকবেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ এবং সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেনি।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই উচ্চপর্যায়ের দলে আরও রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তারা সোমবার গভীর রাতে অথবা মঙ্গলবার সকালে ইসলামাবাদে পৌঁছাতে পারেন বলে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে জেডি ভ্যান্স মূল দলের চেয়ে আলাদাভাবে আসতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো সফরের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা না হলেও, এরই মধ্যে গত রোববার যুক্তরাষ্ট্রের অন্তত দুটি বিমান ইসলামাবাদে অবতরণ করেছে। পাকিস্তানের একাধিক সূত্রের দাবি, ওই বিমানগুলোতে মার্কিন ‘অ্যাডভান্সড টিম’ ও নিরাপত্তা সদস্যরা রয়েছেন।
তবে পুরো বিষয়টি নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা বজায় রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে মধ্যস্থতাকারী সূত্রগুলোর দাবি, শেষ মুহূর্তে আলোচনার টেবিলে বসার জোরালো সম্ভাবনা রয়েছে দুই দেশের।
