ফজলুর রহমানের বক্তব্যকে ‘মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’ বলছেন মুক্তিযোদ্ধারাই!
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : ফাইল ফটো
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ’ নামের মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন বলছে যে ফজলুর রহমানের ওইসব বক্তব্য ‘অপ্রীতিকর’, ‘অসংসদীয়’ এবং ‘মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’।
বুধবার (২৯ এপ্রিল) ‘জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ’ নামের ওই সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম সাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান, যাতে সংগঠনটির সদস্য আরও ৭০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘২৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, তা মুক্তিযোদ্ধাদের কাছে অগ্রহণযোগ্য। তারা এ ধরনের বক্তব্যকে সংসদের মর্যাদার পরিপন্থী বলে অভিহিত করেন।’
মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে বলা হয়েছে, ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, বিএনপি এমনকি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, বিএনপি এমনকি জামায়াতে ইসলামীতেও। তাই কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য নির্দিষ্ট কোনো দলে থাকতে পারবেন না এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে ফজলুর রহমানের ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, ‘স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ রাষ্ট্রের সার্বভৌমত্বে বিশ্বাসী যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন এটি নাগরিক অধিকার।’
সংসদের ভূমিকা প্রসঙ্গে বিবৃতিতে আরো বলা হয়, ‘জাতীয় সংসদ আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের স্থান, ব্যক্তিগত বা দলীয় আক্রমণের জায়গা নয়। তারা বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।’
