ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি- সংগৃহীত
কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনের পার্শ্ববৈঠকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। বৈঠকে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুন ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালেই নিকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা কালে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর জোর দেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন জানান, বেইজিং আগের মতোই ইরানকে তার জাতীয় মর্যাদা রক্ষায় সহায়তা দিয়ে যাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিরসনে অবিলম্বে এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের কার্যকর প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দেয় দেশটি।
আঞ্চলিক উত্তেজনা কমাতে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত উল্লেখ করে ডং জুন বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে বেইজিং কাজ চালিয়ে যাবে। তিনি বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।
