এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতনে নতুন নির্দেশনা জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম
ছবি: সংগৃহীত
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে আগস্ট ২০২৫ থেকে অনলাইনে বিল সাবমিট ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের ইএমআইএস সিস্টেমে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে বিল দাখিল করতে হবে। বিধি অনুযায়ী প্রাপ্য বেতন-ভাতা নির্ধারণ করে সঠিক তথ্য দিয়ে বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিট করার সময় উল্লেখ করতে হবে।
যেসব শিক্ষক-কর্মচারী অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন পান না কিন্তু বকেয়া অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, ইএফটির মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ফলে ভুল তথ্য প্রদান বা অতিরিক্ত অর্থ প্রেরণের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
এছাড়া ‘আইবাস++’ পদ্ধতিতে যাচাইকৃত তথ্যসম্বলিত জনবলই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো যাচাই হয়নি বা ভুল রয়েছে, তাদের তথ্য সংশোধনের পর এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
