সিরিজ জয়ের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত
সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই ম্যাচে একটি করে জয় পাওয়ায় চট্টগ্রামের ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
মিরপুরের স্পিন সহায়ক উইকেটের পর এবার ব্যাটিংবান্ধব চট্টগ্রামে ভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দুই দল। ফলে ম্যাচে রানবন্যা দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের লক্ষ্য একটাই, জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেওয়া। বিশেষ করে সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী টাইগাররা ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায়।
অন্যদিকে, তুলনামূলক তরুণ দল নিয়েও নিউজিল্যান্ড দেখিয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ম্যাচে জয়ের পর তারা স্পষ্ট করে দিয়েছে, এই সিরিজে ছাড় দেওয়ার সুযোগ নেই।
বাংলাদেশের জন্য বড় ভরসা হয়ে উঠেছেন তরুণ পেসার নাহিদ রানা। গত ম্যাচে তার গতিময় বোলিং কিউই ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেছিল। তার সঙ্গে ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের ধারাবাহিক পারফরম্যান্স দলকে এগিয়ে রাখছে।
তবে চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে বোলারদের জন্য কাজটা সহজ হবে না। এখানকার সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, আগে ব্যাট করা দলগুলো সুবিধা করতে পারেনি। ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিরিজ জয়ের জন্য দুই দলেরই সর্বোচ্চ চেষ্টা থাকায় আজকের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।
