নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
নড়াইল সদর উপজেলায় ঘুমিয়ে থাকা এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।
আটক সাকিব শেখ (২৫) খুলনার ফুলতলা থানার দামুদার গ্রামের জাহিদ শেখের ছেলে। নিহত চাঁদনি আক্তার খাতিজা (২২) একই উপজেলার বাসিন্দা এবং সাকিবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সাকিব শেখ তার স্ত্রী, সন্তান, বাবা ও মাকে নিয়ে ধান কাটার উদ্দেশ্যে নড়াইলের বাহিরগ্রামে খালা-শ্বশুরের বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে ঘরের একটি কক্ষে চার বছরের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন।
অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খড় কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সাকিব।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে অভিযুক্ত স্বামী সাকিব শেখকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
