যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৫২ পিএম
যুদ্ধে বিধ্বস্ত ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর বিধ্বস্ত ভবন। ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির ধ্বংসাবশেষকে ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। গত মার্চে শুরু হওয়া যুদ্ধের ক্ষত এবং বেসামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার আন্তর্জাতিক দলিল হিসেবে এই স্থাপনাটিকে সংরক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির প্রধান জাফরুল্লাহ কালানতারি এক বিবৃতিতে বলেন,"আমরা এই ধ্বংসস্তূপকে কেবল পাথর আর সিমেন্টের স্তূপ হিসেবে দেখছি না। এটি ইতিহাসের পাতায় আমাদের ওপর চালানো ‘বৈজ্ঞানিক নিপীড়নের’ এক অকাট্য দলিল হয়ে টিকে থাকবে।" গত মার্চ মাসে হওয়া এই হামলায় বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ মিলিয়ন মার্কিন ডলার।
ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয় সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং ল্যাবরেটরিগুলোর জন্য আধুনিক সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।
