×

চট্টগ্রাম

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

‘বিএনপি নেতার’ গুলিতে একজন গুলিবিদ্ধ, আহত ৯

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

‘বিএনপি নেতার’ গুলিতে একজন গুলিবিদ্ধ, আহত ৯

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাকিল মাহমুদ ওই ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের পাটোয়ারি বাড়ির আলমগীরের ছেলে। তিনি যুবদলের স্থানীয় সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন মো. আলাউদ্দিন (৫০), মহর আলী (৫৯), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫০), ছেলে মাহফুজুর রহমান (২২), মেয়ে নাসরিন আক্তার (১৮), আলমগীর হোসেন (২৬) ও জহির (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ছয়ানী ইউনিয়নে বিএনপি কর্মী মাসুদের ছেলে ইমন (১৯) অপর কর্মী মাহফুজকে মারধর করেন। এ ঘটনার জেরে সোমবার বিকেলে ছয়ানী বাজারে কৃষকদলের একটি আনন্দ মিছিলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাহেরপুর এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, মাহফুজ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তাঁর পরিবারে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে। রাত সোয়া ৯টার দিকে মাহফুজের বাড়িতে হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হন শাকিল মাহমুদ এবং আলাউদ্দিনের মাথায় আঘাত লাগে। মহর আলীর পক্ষের আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা শাকিল মাহমুদকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. আলাউদ্দিন বলেন, “বিষয়টি মীমাংসা করতে গেলে মহর আলী ও তাঁর লোকজন হামলা চালায়। এ সময় রাকিব নামে এক ব্যক্তি গুলি ছুড়লে শাকিল গুলিবিদ্ধ হন।” তবে অভিযোগ অস্বীকার করে রাকিব বলেন, তিনি কাউকে গুলি করেননি। “বিএনপি নেতা আলাউদ্দিনের অস্ত্র থেকে গুলি ছুটে গিয়ে শাকিল আহত হয়েছেন,” দাবি করেন তিনি।

ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এটি বিএনপি-জামায়াত সংঘর্ষ নয়। জামায়াতের লোকজন আমাদের মিছিলে হামলা করেছে।”

তবে নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন অভিযোগ নাকচ করে বলেন, “এটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আমাদের দলের কেউ জড়িত নয়।”

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে ইরানি তারকার চমক

বিশ্বসেরা ট্রাম্পকে হারিয়ে ইরানি তারকার চমক

ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে মানবাধিকারকে উপহাস করেছে ফিফা

ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে মানবাধিকারকে উপহাস করেছে ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App