ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দিয়ে মানবাধিকারকে উপহাস করেছে ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ প্রদান করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার জ্যাকসন আরভাইন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ফিফা তাদের নিজস্ব মানবাধিকার সনদকে উপহাসের পাত্রে পরিণত করেছে। বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রচারের স্বীকৃতিস্বরূপ গত ডিসেম্বরে ট্রাম্পকে এই পুরস্কার দিয়েছিল ফিফা।
পরপর কয়েকটি যুদ্ধংদেহী পদক্ষেপের কারণে ট্রাম্পকে দেওয়া এই পুরস্কার নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুরস্কার পাওয়ার মাসখানেক পরই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালান। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েলের সঙ্গে যৌথ বিমান হামলা শুরু করে দেশটি। এমন পরিস্থিতিতে ফিফার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা।
৩৩ বছর বয়সী আরভাইন দীর্ঘদিন ধরেই মানবাধিকার বিষয়ে সোচ্চার। ২০২২ কাতার বিশ্বকাপের আগে শ্রমিকদের অধিকার নিয়ে সরব হওয়া এই ফুটবলার বর্তমানে জার্মানির ক্লাব সেন্ট পাউলিতে খেলছেন। আরভাইন বলেন, ‘শীর্ষ স্তরের ফুটবল এখন তৃণমূল ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই ধরনের সিদ্ধান্ত ফুটবল সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণাকে পিছিয়ে দেয়।’ অস্ট্রেলিয়ার হয়ে ৮০টি ম্যাচ খেলা সাবেক এই অধিনায়ক মনে করেন, ফুটবলকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের যে বুলি ফিফা আওড়ায়, ট্রাম্পকে পুরস্কার দেওয়া তার ঠিক উল্টো।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। সোমবার (২৭ এপ্রিল) নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন ফিফাকে এই বিতর্কিত ‘শান্তি পুরস্কার’ প্রথা পুরোপুরি বাতিলের আহ্বান জানিয়েছে, যাতে সংস্থাটি রাজনৈতিক বিতর্কে না জড়ায়।
