বাঞ্ছারামপুরে তেলের তীব্র সংকট
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হঠাৎ ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী ও কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার তেল নেই এমন পরিস্থিতিতে স্থানীয় তেলের ডিলারদের ওপরই নির্ভর করতে হচ্ছে মানুষকে। তেল পাওয়া গেলেও সরকারি দামের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি বিক্রি হচ্ছে।
মোটরসাইকেল চালক ইসমাইল বলেন, গত তিন দিন ধরে তেলের জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছি, কিন্তু কেউ তেল বিক্রি করছে না। আমাদের মতো যারা প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি, আমরা কার্যত অচল হয়ে পড়েছি।
স্থানীয় ব্যবসায়ী ফারুক বলেন, তেলের অভাবে বাইক বাড়িতে রাখতে হচ্ছে। প্রশাসন যদি সরাসরি তেলের ব্যবস্থা করতো, ডিলাররা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতে পারতো না।
আরো পড়ুন : ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৫ জাহাজের চালান বাতিল
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন তেল ব্যবসায়ী জানান, বাজারে তেল না থাকায় নতুন করে আনতে পারছি না। কোথাও পাওয়া গেলেও সরকারি দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। প্রশাসন কঠোর নজরদারি করছে। তাই নতুন তেল আনা সস্তা হচ্ছে না।
কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, পরীক্ষা ও ক্লাসে যেতে সমস্যা হচ্ছে। বাইক থাকলেও তেল না থাকায় ব্যবহার করতে পারছি না। এটি সাধারণ মানুষের জন্য এক ধরনের দুর্ভোগের চরম উদাহরণ।
স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু ডিলার সিন্ডিকেট করে তেল মজুত করছেন এবং সুযোগ বুঝে অতিরিক্ত দামে বিক্রি করছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, অতিরিক্ত দামে যারা তেল বিক্রি করছে, আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছি। তেলের বিষয়ে ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
