গুলশান সোসাইটির নির্বাচন
ব্যারিস্টার ওমর সাদাত সভাপতি, মুজিবুর রহমান মৃধা মহাসচিব
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম
ছবি : সংগৃহীত
গুলশান সোসাইটির নির্বাচনে ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর ফলে ব্যারিস্টার ওমর সাদাত আগামী দুই বছরের জন্য সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং দীর্ঘদিন ধরে নগর অধিকারকর্মী হিসেবে কাজ করে আসছেন। নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মৃধা, তিনি পেশায় একজন ব্যবসায়ী।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ মিয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইভা রহমান আলি আশফাক। যুগ্ম মহাসচিব হয়েছেন খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজুল আজম রোমেল।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী এবং ইফতেখার রহমান।
এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ড. জাফরুল ইসলাম।
পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি গুলশান এলাকার নাগরিক সেবা, নিরাপত্তা জোরদার, পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
