পিএসএলের ফাইনাল আজ, দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি- সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের পর্দা নামছে আজ। দীর্ঘ এক মাসের জমজমাট লড়াই শেষে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ কিংসমান ও পেশোয়ার জালমি। করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির মাঠ মাতিয়ে টুর্নামেন্টের সেরা দুই দল এখন দাঁড়িয়ে শেষ লড়াইয়ের মঞ্চে।
রোববার (৩ মে) বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতিতে ম্যাচটি শুরু হবে।
পুরো টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে ফাইনালে পা রেখেছে পেশোয়ার জালমি। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি কোয়ালিফায়ারে দাপুটে জয় নিয়ে তারা প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে, হায়দরাবাদের ফাইনালের পথটি ছিল বেশ নাটকীয়। গ্রুপ পর্ব শেষে এলিমিনেটর রাউন্ডে কঠিন বাধা টপকে তবেই শিরোপার মঞ্চে আসতে হয়েছে তাদের।
এবারের আসরটি পাকিস্তানের ঘরোয়া পেস বোলিং শক্তির এক অনন্য প্রদর্শনী হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে। পুরো টুর্নামেন্টে একাধিক তরুণ পেসার গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন।
ফাইনালটি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাকিস্তানে এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টসসহ একাধিক চ্যানেলে খেলা দেখা যাবে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপমাড ও তামাশা অ্যাপের মাধ্যমে হাই-ডেফিনিশনে খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা।
