তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি- সংগৃহীত
বোর্ডের অনুমতি না নিয়ে ভারতের একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় তিন ক্রিকেটারকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি এই সিদ্ধান্তের কথা জানায়। দণ্ডিত ক্রিকেটাররা হলেন—সামিউল্লাহ শিনওয়ারি, আফতাব আলম ও মোহাম্মদ শেহজাদ। এই নিষেধাজ্ঞার ফলে আগামী চার মাস তারা দেশীয় বা আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেটেই অংশ নিতে পারবেন না।
এসিবি সূত্রে জানা গেছে, ভারতের ‘লেজেন্ডস লিগ ক্রিকেট’ (এলএলসি)-এ অংশ নেওয়ার আগে এই তিন খেলোয়াড় অনাপত্তি পত্র বা এনওসি গ্রহণ করেননি। বোর্ডের নিয়ম অনুযায়ী, বিদেশি যেকোনো লিগে খেলতে হলে এনওসি নেওয়া বাধ্যতামূলক। এর আগে একই দলের হয়ে সাবেক অধিনায়ক আসগর আফগান খেললেও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তার ওপর কোনো বিধিনিষেধ নেই। তবে শিনওয়ারি, আফতাব ও শেহজাদ এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আফগান সাংবাদিক জাফর জাফর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, যে টুর্নামেন্টে তাঁরা অংশ নিয়েছেন সেটি আইসিসি বা বিসিসিআই স্বীকৃত নয়। এ ছাড়া ওই লিগে দুর্নীতি ও জালিয়াতির ঝুঁকি থাকায় আগে থেকেই অসন্তুষ্ট ছিল আফগান বোর্ড। অন্যদিকে খেলোয়াড়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা অনুমতির জন্য বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকায় তাঁরা এনওসি নেওয়াকে খুব একটা জরুরি মনে করেননি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড বরাবরই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখে। এর আগে নিয়ম লঙ্ঘনের দায়ে একাধিক ক্রিকেটারকে বড় অঙ্কের জরিমানা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে।
