র্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
নাহিদ রানা। ছবি- সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসি র্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ। বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে টাইগার পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বড় লাফ দিয়েছেন। কিউইদের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নেওয়া নাহিদ রানা বোলারদের তালিকায় এখন ৪৮ নম্বরে। রেটিং পয়েন্ট বাড়ার এই আত্মবিশ্বাস নিয়ে পিএসএলের ফাইনালে খেলতে পাকিস্তান যাচ্ছেন এই তরুণ পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত নাহিদ রানাকে পিএসএল ফাইনালে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। শুরুতে জাতীয় দলের সফরের কথা মাথায় রেখে অনুমতি না দিলেও পেশোয়ার জালমির ক্রমাগত অনুরোধে সাড়া দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ জন্য বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। পেশোয়ারের হয়ে এই আসরে ৫ ম্যাচে ৭ উইকেট নেওয়া নাহিদ ১ মে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবেন। ফাইনালে পেশোয়ারের প্রতিপক্ষ হতে পারে মুলতান সুলতানস, হায়দরাবাদ কিংসম্যান বা ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে যেকোনো একটি দল।
র্যাংকিংয়ে নাহিদ রানা ছাড়াও উন্নতি করেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সিরিজে ৫ উইকেট নিয়ে তিনি ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন। মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে এখন ৪১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কিউইদের বিপক্ষে ৩৬ রান ও ২ উইকেট নিয়ে আফগান তারকা মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। দুজনেরই বর্তমান রেটিং পয়েন্ট ২৭৫।
ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন নাজমুল হোসেন ও লিটন দাস। সিরিজে একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে এক ফিফটিসহ ১২৯ রান করা লিটন ১৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন।
