অবৈধ প্রবাসীদের সুখবর দিলো রোমানিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি- সংগৃহীত
ইউরোপের দেশ রোমানিয়ায় অবৈধ হয়ে পড়া বিদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। একটি নতুন জরুরি অধ্যাদেশের মাধ্যমে এই ‘রাজক্ষমা’কর্মসূচি চালু করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অনিয়মিত হয়ে পড়া বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী আবারও বৈধ হওয়ার পথ খুঁজে পাচ্ছেন।
রোমানিয়ার সরকারি গেজেট অনুযায়ী, মূলত নন-ইইউ দেশের কর্মীরাই এই সুবিধার আওতায় আসবেন। বিশেষ করে যারা বৈধভাবে প্রবেশের পর নিয়োগসংক্রান্ত জটিলতায় অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়েছেন, তারা অগ্রাধিকার পাবেন। এর মধ্যে রয়েছেন—ওয়ার্ক ভিসায় প্রবেশের পর কোম্পানি কাজ না দেওয়া কর্মী, যাদের নিয়োগকর্তা সময়মতো টিআরসি আবেদন করেননি কিংবা বেতন থেকে কর কাটলেও তা সরকারি কোষাগারে জমা দেননি। মূলত ৯৩ শতাংশ ক্ষেত্রে নিয়োগকর্তার অবহেলার শিকার কর্মীরা এই সুবিধার মাধ্যমে রেহাই পাবেন।
এই সুযোগ নিতে হলে অবৈধ কর্মীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক। আবেদনের প্রধান শর্ত হলো, কর্মীকে অবশ্যই একজন নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। ওই প্রতিষ্ঠানের অধীনে নতুন ওয়ার্ক পারমিট সংগ্রহের পর টিআরসি কার্ডের জন্য আবেদন করা যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
তবে সব অনিয়মিত ব্যক্তি এই সুবিধা পাবেন না। যারা রোমানিয়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করেছেন কিংবা যাদের বিরুদ্ধে ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ জারি করা হয়েছে, তারা এই কর্মসূচির বাইরে থাকবেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নে কোনো সমস্যা হলে কর্মীরা দূতাবাসের সহায়তা নিতে পারবেন। মূলত অনিচ্ছাকৃতভাবে আইনি জটিলতায় পড়া কর্মীদের জীবনযাত্রা স্বাভাবিক করতেই রোমানিয়া সরকার এই বিশেষ সুযোগ দিয়েছে।
