বাংলাদেশের জয়ে যাদের কৃতিত্ব দিলেন অধিনায়ক লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম
লিটন দাস। ছবি- সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে পাহাড়সম লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়া জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফিল সিমন্সের শিষ্যরা।
রান তাড়া করতে নেমে ১১ ওভারে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ দিকে শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় স্বাগতিকেরা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এর আগে ২০২৩ সালে ১৩৫ রান তাড়া করে জেতাই ছিল দলটির সেরা সাফল্য।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটারদের কৃতিত্ব দিয়ে অধিনায়ক লিটন দাস বলেন, ‘১৮৩ রান এই উইকেটে অনেক বড় লক্ষ্য ছিল। হৃদয় যেভাবে খেলে ম্যাচটা আমাদের দিকে নিয়ে এসেছে, তাতে আমি খুব খুশি। মাঝে ইমন এবং শেষ দিকে শামীম দারুণ ফিনিশিং দিয়েছে। পাওয়ারপ্লেতে ভালো শুরুর পরিকল্পনা ছিল আমাদের, যা পরের ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে।’
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। কিউইদের বড় সংগ্রহের জবাবে শুরুটা মন্থর হলেও বাংলাদেশের তরুণ ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে হার মানে সফরকারীরা।
