‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২০ পিএম
ছবি- সংগৃহীত
ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর সেই অবস্থা থেকে বাঁচতে অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল হওয়া ৩১টি নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ প্রকল্পের লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র পুনর্বহালের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চতুর্থ ্বাংরলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইউনুস সরকারের বাতিল করা সেসব প্রকল্প আমি আবার খুলে দিচ্ছি। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে যেগুলো কার্যকর, সেগুলো রাখা হবে। কোন কারণ ও কী ভিত্তিতে এসব প্রকল্প বাতিল করা হয়েছিল, তা আমার মন্ত্রণালয়কে উপস্থাপন করতে বলেছি। আশা করছি, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে আমরা করণীয় নির্ধারণ করতে পারব।’
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ খাত আগেই নাজুক অবস্থায় ছিল। তবে অন্তর্বর্তী সরকারের নীতিগত পদক্ষেপ কার্যত এটিকে আইসিইউতেই পাঠিয়ে দিয়েছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ৩৭টি এলওআই বাতিল করা হয়েছে, যেখানে প্রকল্পগুলো চালু রাখা বা পুনরায় আলোচনা করার কথা ছিল। এতে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।’
মন্ত্রী জানান যে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
