দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম
ছবি- ইন্টারনেট
দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানের সকল আরোহীর মৃত্যু হয়েছে। বিমানে অন্তত ১৩ জন যাত্রী ও ১ জন পাইলট ছিলেন জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনায় পড়া বিমানটি একটি ‘সেসনা এয়ারক্রাফট’ মডেলের ছোট আকারের বিমান ছিল। এতে ১৩ জন যাত্রী ও পাইলটসহ সবাই প্রাণ হারান।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, প্রতিকূল আবহাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওতে এলাকা কুয়াশাচ্ছন্ন ও দুর্গম পাহাড়ি হিসেবে দেখা যায়।
