ডোপ টেস্টে পজিটিভ হয়ে তদন্তের মুখে পাকিস্তানি তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। ছবি- সংগৃহীত
ডোপ টেস্টে পজিটিভ হয়ে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। বুধবার (২২ এপ্রিল) ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে। নিষিদ্ধ শক্তি বর্ধক ওষুধ সেবনের অভিযোগ ওঠায় এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে আসন্ন ভাইটালিটি ব্লাস্টে খেলার জন্য ইংলিশ কাউন্টি দল সারের সঙ্গে তাঁর চুক্তিটি বাতিল হয়ে গেছে।
ক্রিকইনফো জানিয়েছে, ২০২৬ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নওয়াজের ডোপ টেস্ট করা হয়েছিল। ওই আসরে পাকিস্তান সুপার এইট থেকে বিদায় নিলেও সাত ম্যাচে ১৫ রান ও ৭ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের সময়ই নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার ফল সম্প্রতি পজিটিভ এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি পিসিবিকে অবহিত করার পর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রক্রিয়া শুরু করেছে দেশটির বোর্ড।
পিসিবির এক মুখপাত্র বুধবার জানান, ‘আইসিসি আমাদের বিষয়টি জানিয়েছে এবং আমরা যথাযথ তদন্ত প্রক্রিয়া শুরু করেছি। এই প্রক্রিয়ার ফলাফল আজই আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ পিসিবির তদন্ত শুরুর পরপরই এর বড় প্রভাব পড়ে নওয়াজের ক্যারিয়ারে। ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে সারের হয়ে খেলার কথা ছিল তাঁর। পিসিবি শুরুতে তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দিলেও এখন সেই চুক্তি বাতিল করা হয়েছে।
৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য এই ঘটনা ক্যারিয়ারের এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার দায়ে দোষী সাব্যস্ত হলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। বর্তমানে পিসিবির তদন্ত কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন নওয়াজ। তবে এই ঘটনার জেরে চলতি মৌসুমে ইংল্যান্ডের মাঠে তাঁকে আর দেখা যাচ্ছে না, এটি নিশ্চিত।
এদিকে আইসিসির অ্যান্টি-ডোপিং কোড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। সূত্র জানায়, নওয়াজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা দ্বিতীয় নমুনার আবেদন করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
