নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি- সংগৃহীত
প্রথম ওয়ানডেতে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচেই দাপুটে প্রত্যাবর্তন করল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। পেসার নাহিদ রানার রেকর্ডগড়া বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে জয় পেয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে প্রথম স্পেলেই কিউই শিবিরে কাঁপন ধরান নাহিদ রানা। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় দুই ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়ংকে সাজঘরে ফেরত পাঠান তিনি। এরপর সৌম্য সরকারের বলে আউট হন অধিনায়ক টম ল্যাথাম। ৫২ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন নিক কেলি ও মুহাম্মদ আব্বাস। কেলি এক প্রান্ত আগলে রেখে ১০২ বলে ৮৩ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে উইকেট পতন থামেনি।
নাহিদ রানা তার বিধ্বংসী স্পেলে ৫৬ রানের এই জুটি ভেঙে আব্বাসকে (১৯) বিদায় করেন। এরপর একে একে ডিন ফক্সক্রফট ও জেইডেন লেনক্সকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ পূর্ণ করেন এই তরুণ পেসার। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। শেষ দিকে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
১৯৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ওপেনার সাইফ হাসান (৮) ও সৌম্য সরকারকে (৮) হারিয়ে কিছুটা চাপে পড়ে। তবে তৃতীয় উইকেট জুটিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। এই দুই বাঁহাতি ব্যাটার মিলে গড়েন ১২০ রানের বিশাল এক জুটি। তানজিদ তামিম মাত্র ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। অন্যদিকে ৭১ বলে ৫০ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শান্ত।
জয়ের ভিত তৈরি হয়ে যাওয়ায় শেষ দিকে আর কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৮৭ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। তাই আগামী ২৩ এপ্রিলের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন দু’দলের জন্যই অলিখিত ফাইনালে পরিণত হলো।
