তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি : সংগৃহীত
গভীর নলকূপ বা সরু গর্তে পড়ে যাওয়া শিশুদের দ্রুত ও জীবিত উদ্ধার করার উদ্দেশ্যে অভিনব একটি উদ্ধার খাঁচা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন নাটোরের কৃষক তারা মিয়া।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তার এই উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিক পরীক্ষা করে। পরীক্ষায় সফলতা পাওয়ায় প্রযুক্তিটি আরও যাচাই-বাছাইয়ের জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সোমবার সকালে ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হক-এর নেতৃত্বে একটি দল নাটোর সদর উপজেলার তারা মিয়ার বাড়িতে গিয়ে উদ্ভাবনটি পর্যবেক্ষণ করে।
পরীক্ষার অংশ হিসেবে খাঁচাটিতে সার্চ ভিশন ক্যামেরা ও লাইট সংযুক্ত করে একটি কৃত্রিম উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২০ ফুট গভীর একটি গর্তে ১১ কেজি ওজনের গাছের গুঁড়ি ফেলে সেটি খাঁচার মাধ্যমে মাত্র দুই মিনিটে সফলভাবে উপরে তোলা হয়।
পুরো প্রক্রিয়াটি ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন)। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় তিনি উদ্ভাবক তারা মিয়াকে তার তৈরি খাঁচাসহ ঢাকায় আমন্ত্রণ জানান। সেখানে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে আরও উন্নত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটির মাঠপর্যায়ে ব্যবহারযোগ্যতা যাচাই করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, প্রযুক্তিটি সফলভাবে উন্নত করা গেলে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঞ্জিল হক বলেন, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই খাঁচা গভীর গর্তে পড়া শিশু উদ্ধারে কার্যকর হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা মিয়ার এই উদ্যোগ প্রশংসনীয়, এবং এটিকে আরও উন্নত করে মাঠপর্যায়ে ব্যবহারযোগ্য করার চেষ্টা চলছে।
নিজের উদ্ভাবন নিয়ে উচ্ছ্বসিত কৃষক তারা মিয়া বলেন, টেলিভিশনে প্রায়ই তিনি দেখেন গভীর গর্তে পড়ে যাওয়া শিশুদের উদ্ধার করতে দীর্ঘ সময় লাগে, অনেক সময় দেরির কারণে প্রাণহানিও ঘটে। সেই দৃশ্য থেকেই তার এই উদ্ভাবনের চিন্তা আসে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে তার তৈরি খাঁচা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং ঢাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এতে তিনি আনন্দিত এবং আশা করছেন, ভবিষ্যতে এই উদ্যোগ অনেক শিশুর জীবন বাঁচাতে সাহায্য করবে।
