আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
ম্যাচে দুর্দান্ত এক গোল করেন চেরকি। ছবি- সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী সমীকরণে নাটকীয় মোড় নিয়ে এলো ম্যানচেস্টার সিটি। এতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াই এখন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্টের ব্যবধান যেমন কমেছে, তেমনি এক ম্যাচ হাতে থাকায় শিরোপা জয়ের পাল্লা এখন সিটির দিকেই ভারী।
নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় সিটিজেনরা। যার ফল মেলে ম্যাচের ১৫ মিনিটেই; তরুণ তারকা রায়ান চেরকির একক নৈপুণ্যে করা দুর্দান্ত গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সিটির সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। গোল করার মাত্র দুই মিনিট পরই গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার মারাত্মক ভুলে গোল হজম করে বসে সিটি। আর্সেনালকে সমতায় ফেরান কাই হাভার্টজ।
প্রথমার্ধে সমানে সমান লড়াই হলেও দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের লাগাম টেনে ধরে ম্যানসিটি। ফলস্বরূপ ৬৪ মিনিটে গোল মেশিনে খ্যাত আর্লিং হলান্ড জালের দেখা পান। তার এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। গোল শোধের জন্য আর্সেনাল মরিয়া হয়ে চেষ্টা করলেও সিটির জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি তারা।
এই জয়ের পর ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে আর্সেনাল। তবে এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ, হাতে থাকা বাকি ম্যাচগুলো জিততে পারলে আর্সেনালের পয়েন্ট ছাপিয়ে টানা শিরোপা জয়ের উৎসব করবে ম্যানচেস্টার সিটিই।
