৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিলো বিএসএফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীকে অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। আট ঘণ্টা বন্দি থাকার পর বিজিবি-বিএসএফের আলোচনার প্রেক্ষিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে বিকেলে উভয় বাহিনীর মধ্যে সফল পতাকা বৈঠক শেষে কিশোরদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- পঞ্চগড় আটোয়ারীর শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়। উভয়ের বয়সই ১৪ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতের চা বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয় নামের দুই কিশোর। একপর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত উদ্যোগ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পতাকা বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে।
গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, ‘বিজিবির দ্রুত উদ্যোগ ও কার্যকর যোগাযোগের ফলে অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’
