পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ২৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এবং টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মাকসুদা আক্তার খানমকে পিবিআইতে নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেটে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখায়, কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
