ছেলের দাফনের সময় বাবার স্ট্রোক, পরদিন মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: ঠাকুরগাঁওয়ে ছেলের দাফনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে পরদিন মৃত্যু।
ঠাকুরগাঁওয়ে ছেলের দাফনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে পরদিন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই পরিবারের পরপর দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগে শনিবার (১৮ এপ্রিল) মারা যান আমজাদ হোসেন (৩৫)। তাকে দাফন করতে গিয়ে কবরস্থানে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা নুর ইসলাম (৮০)।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। তাদের বাড়ি ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায়।
এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একই পরিবারের দুই সদস্যের এমন পরপর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু বলেন, “এ শোক সইবার মতো শক্তি পরিবারের নেই। তবুও আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমজাদের দাফনের সময়ে চাচা সেখানে স্ট্রোক করেন। আজ চলে গেলেন। পরিবার আর স্বজনদের জন্য দোয়া ছাড়া আর কিছু বলার নেই।”
