গায়ের রং কালো হওয়া নিয়ে বিরোধ
স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) শাহজাহান কবির জানান, গায়ের রং কালো হওয়া নিয়ে স্ত্রী আয়শা খানমের সঙ্গে সোলায়মানের প্রায়ই ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে গালুটিয়া এলাকার একটি বাঁশঝাড়ে ফেলে দেন।
পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ পায়। এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদী হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর সোলায়মানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।
