চাঁদাবাজি বন্ধের দাবি
চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
ফাইল ছবি
সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগরসহ সব ধরনের বাস চলাচলে ধর্মঘট ডেকেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে এই ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে জেলার শেষ প্রান্ত বালিয়াঘাটা থেকে বিচ্ছিন্নভাবে কিছু বাস চলাচল করছে বলেও জানা গেছে।
জানা যায়, দীর্ঘ দিন যাবৎ থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। শ্রমিকদের দাবি, উভয় সংগঠনই শ্রমিকদের কল্যাণের নামে দীর্ঘ দিন যাবৎ বাস থেকে চাঁদা উত্তোলন করছিলেন। এই চাঁদা উত্তোলনকে কেন্দ্র করেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। পরে আজ সকাল থেকে সব বাস চলাচলে ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণেই আমরা টার্মিনাল থেকে চাঁদা উত্তোলন করছি এবং তা শ্রমিকদের কল্যাণেই ব্যয় হয়। কিন্তু হঠাৎ করেই টার্মিনালের বাইরে শহরের হরিপুর এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের নাম দিয়ে বাস থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এটি বন্ধের দাবি দীর্ঘদিন যাবত জানিয়ে আসছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এটা সুরাহা না হওয়া বা টার্মিনালের বাইরে চাঁদা উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।
এদিকে, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই। তাই আজ সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে, সন্ধ্যার পর থেকে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আমরা উভয় পক্ষকে নিয়েই বসে ছিলাম। কিন্তু উভয় পক্ষই নিজেদের সঠিক দাবি করেন। বিপরীত পক্ষকে ভুল দাবি করেন। একারণে সমাধান হয়নি। তাদেরকে নিজেদের মধ্যে বসে সমাধান করতে বলা হয়েছে। এ ছাড়া তাদেরকে রাস্তায় চাঁদাবাজি করতে নিষেধ করা হয়েছে।
