বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইয়াসিন (২৮) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া এলাকার আনজল হোসেনের ছেলে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফ স্টেশনের একটি দল মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইয়াসিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তিকে এবং জব্দ করা অস্ত্রকে ঘিরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
