৯ দিন বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে আগামী কয়েকদিন বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (৯ মে) রাতে সংস্থাটি জানায়, আগামী ১২ বা ১৩ মে থেকে দেশের উত্তরাঞ্চলে একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। এর প্রভাব ২০ মে পর্যন্ত থাকতে পারে। তবে টানা বৃষ্টি হবে না, বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
বিডব্লিউওটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে দীর্ঘস্থায়ী বা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কম।
অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব খুব একটা পড়বে না। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে কোথাও কোথাও হালকা বজ্রবৃষ্টি হতে পারে।
