ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ আবু সালাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৯ মে) উপজেলা বৈচন্ডী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আবু সালাম বৈচন্ডী গ্রামের হারুন প্যাদার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শনিবার নলছিটি উপজেলা বৈচন্ডী গ্রামে অভিযান চালায়। এ সময় আটক আবু সালামের বসতঘরে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ২১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ১ শত টাকা উদ্ধার করা হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, আবু সালাম দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
