সাবেকে এমপি মমতাজের জামিন নামঞ্জুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানি চলাকালে মমতাজের আইনজীবী রেজাউল করিম দাবি করেন, মমতাজ বেগম একজন জাতীয় সংসদের সাবেক সদস্য এবং প্রথিতযশা ফোক সংগীত শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই; বরং আন্দোলন দমনে অর্থ জোগান ও পরিকল্পনার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তা নাকচ করে দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন মো. সাগর। তার মা বিউটি আক্তার ওইদিন রাত ৩টায় একটি বেসরকারি হাসপাতালে সন্তানের লাশের সন্ধান পান। পরবর্তীতে ২০২৪ সালের ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা এই মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।
মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে যান। ২০২৫ সালের ১২ মে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির অনেক প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যের মতো মমতাজ বেগমের বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করা হয়েছে।
