×

জাতীয়

শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা

ছবি : সংগৃহীত

জানুয়ারি থেকে ডিসেম্বর শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ পাবলিক পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা কার্যক্রমকে জানুয়ারি-ডিসেম্বর সেশন পুরোপুরি কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, আগামী বছরগুলোতে পরীক্ষাগুলো আরও সময়োপযোগীভাবে এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট না হয়।

এর আগে কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সেই ধারাবাহিকতায় পরিবর্তন আসে। বর্তমানে এসএসসি এপ্রিল এবং এইচএসসি জুলাইয়ে নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, “সেশন যদি জানুয়ারি-ডিসেম্বর হয়, তাহলে আমরা ডিসেম্বরের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ করতে চাই। এতে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডগুলো ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের সক্ষমতা রাখে কিনা সেটি বিবেচ্য বিষয়। এ সময় তিনি বোর্ড কর্মকর্তাদের অতিরিক্ত বোনাস গ্রহণের বিষয়ে সমালোচনা করেন।

কোন বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে—এ প্রশ্নে তিনি বলেন, “প্রত্যেক পরীক্ষা তার নির্ধারিত সময়েই হবে।”

শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, “এসএসসি পরীক্ষা অবশ্যই ডিসেম্বরে হতে হবে—লাউড অ্যান্ড ক্লিয়ার।”

এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের সময় সাশ্রয়ের জন্য প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণি শেষ করে পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং একইভাবে এইচএসসিতেও এক বছরের ব্যবধান থাকে। এতে প্রায় দুই বছরের শিক্ষাজীবনের সময় নষ্ট হয়, যা শিক্ষার্থী ও জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত

ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত

ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App