ডিপো থেকে তেল বিপণনের সময়সূচিতে পরিবর্তন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল বিপণনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ করা হবে।
শনিবার (২৮ মার্চ) জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনায় বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ কার্যক্রম চালু রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সব ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পে জ্বালানি সরবরাহ আরও সুশৃঙ্খল এবং কার্যকর করতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ডিলাররা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরবরাহ কাজ দুই ঘণ্টা আগে শুরু হবে এবং দুই ঘণ্টা আগেই শেষ হবে।
