ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে ঢুকে পেছন থেকে আসা আরেকটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সেটা নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পাঁচজনের নিহতের কথা বলা হয়েছে।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।
পরবর্তীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা বলেন, পাঁচজন নিহত হয়েছেন। আহত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এ রেল দুর্ঘটনায় নিহতের শঙ্কা বাড়তে পারে বলে জানান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূর দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
সূত্র: আল জাজিরা, বিবিসি।
