বৃষ্টি ও শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
আগামী শুক্রবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা আরো নিশ্চিত হতে পারে আগামী বুধবার। বৃষ্টির পর বাড়তে পারে শীত।
সোমবার (১৬ ডিসেম্বর) দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী রবিবারও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনো কম। বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে।
ভারতের ওডিশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আর এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, বৃষ্টির আগে আগামী কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে।
