আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৫৩ বছর পর আবারো চাঁদের পথে মানুষ পাঠিয়েছে নাসা। ‘আর্টেমিস-২’ মিশনে চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে করে যাত্রা শুরু করেন।
এই মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান, যিনি একজন সাবেক নৌবাহিনীর টেস্ট পাইলট। ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাস ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি একক অভিভাবক এবং দুই কন্যার দায়িত্ব পালন করছেন।
ক্রিস্টিনা কোচ একজন প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী। তিনি ২০১৯ সালে ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েন। এই মিশনে তিনি চন্দ্রাভিযানে অংশ নেওয়া প্রথম নারী হিসেবে ইতিহাস গড়ছেন।
জেরেমি হ্যানসেন কানাডিয়ান রয়্যাল এয়ার ফোর্সের সাবেক ফাইটার পাইলট ও পদার্থবিজ্ঞানী। এটি তার প্রথম মহাকাশযাত্রা। প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নভোচারী তার অবসর কাটান নৌযান চালানো, রক ক্লাইম্বিং ও মাউন্টেন বাইকিংয়ের মাধ্যমে।
ভিক্টর গ্লোভার সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট। তিনি স্পেসএক্স ক্রিউ-১ মিশনের পাইলট ছিলেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ছয় মাস কাটিয়েছেন। এই মিশনের মাধ্যমে তিনি চাঁদে যাত্রা করা প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হয়েছেন।
