ভূমধ্যসাগরে রণতরী মোতায়েন করছে ফ্রান্স
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’ পাঠাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার (৩ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।
ম্যাক্রোঁ জানান, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং সুয়েজ খাল ও লোহিত সাগরের নৌপথ সংঘাতের কারণে হুমকির মুখে পড়ায় সামুদ্রিক চলাচল সুরক্ষিত রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর রয়টার্সের।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, তেলের দাম, গ্যাসের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুই এই যুদ্ধের কারণে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হবে।
ম্যাক্রোঁ জানান, ফ্রান্স সাইপ্রাসে একটি ফ্রিগেট পাঠিয়েছে এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর আকাশে উড়তে থাকা ড্রোন ভূপাতিত করেছে। এ অভিযানে রাফাল যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন : ইরান ইস্যুতে ইউরোপে ঐক্যের সংকট, নেপথ্যে যে কারণ
তিনি বলেন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
এছাড়া মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসতে ইচ্ছুক ফরাসি নাগরিকদের সহায়তা করা হচ্ছে বলে জানান ম্যাক্রোঁ। মঙ্গলবার সন্ধ্যায় দুটি বিশেষ ফ্লাইট প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। একই সঙ্গে ফ্রান্সের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, ইরান নিজেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের জন্য প্রাথমিকভাবে দায়ী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে, তা আন্তর্জাতিক আইনের বাইরে পরিচালিত হয়েছে, যা আমরা সমর্থন করতে পারি না, এ কথাও স্বীকার করেন তিনি।
