ট্রাম্পের হুঁশিয়ারির পর আরো বাড়ল তেলের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০.৫% বেড়ে ১১০.৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.২৬ ডলার বা ১.১% বৃদ্ধি পেয়ে ১১৩.৬৭ ডলারে দাঁড়িয়েছে। খবর জিও নিউজের।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মঙ্গলবার রাত ৮টা (ইডিটি) পর্যন্ত হরমুজ প্রণালি খোলা না হলে তিনি তেহরানের ওপর ‘ভয়াবহ আঘাত’ চালাবেন। তিনি বলেন, তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করা হতে পারে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে সমাধান না হলে আরো পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
অন্যদিকে, মধ্যস্থতাকারীর প্রস্তাবে সাড়া না দিয়ে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। তারা জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি না হলে কোনো সমাধান সম্ভব নয়। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার চাপও তারা নাকচ করেছে।
আরো পড়ুন : ‘এক রাতেই’ ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথের মাধ্যমে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়, ফলে বিশ্ববাজারে সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসায় তেলের বাজারে চাহিদা-যোগান হিসাবের পাশাপাশি সময়ের গুরুত্বও বেড়ে গেছে। তিনি বলেন, যদি কোনো যুদ্ধবিরতি সমঝোতা হয়, তেলের দাম কিছুটা কমতে পারে। তবে হরমুজ প্রণালিতে সরবরাহ ঝুঁকি এবং জ্বালানি স্থাপনাগুলোর ক্ষতির কারণে দাম এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।
