মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম
কবি মোহন রায়হান। ছবি : সংগৃহীত
কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা দেখা দেয়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রেখে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন : ডেকে এনেও পুরস্কার দেওয়া হলো না মোহন রায়হানকে
গত ২৭ ফেব্রুয়ারি অভিযোগগুলো যাচাই-বাছাই করতে মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযোগসমূহ পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাকে এ পদক প্রদান করা হবে।
