খুলনায় হামে আরো ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬১
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ জন শিশু ।
শনিবার (৯ মে) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে শনিবার (৯ মে) দুপুর পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৫১ শিশু। এছাড়া ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১৯ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। এই জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ১ হাজার ১২৬ শিশু।
এছাড়া যশোরে ৩৮৪ শিশু, মাগুরায় ৩৭২, খুলনায় ৩৭২, মেহেরপুরে ১৭৬, সাতক্ষীরায় ১২৭, ঝিনাইদহে ১৮৩, নড়াইলে ১৩৬, বাগেরহাটে ৮৮ এবং চুয়াডাঙ্গায় ৯০ জন চিকিৎসাধীন রয়েছে।
