×

খুলনা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আটক ২ চোর

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আটক ২ চোর

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে স্থানীয়রা গ্রামজুড়ে খোঁজ শুরু করলে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজারের নাইট গার্ডরা তাদেরকে আটক করে। 

আটককৃতরা হলেন- যশোরের রাজারহাট সীতারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে মোহাম্মদ রকিবুল ইসলাম (৪৫) এবং খুলনার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুম (২৮)।

আটককৃতদের কাছ থেকে 'এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এই ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে আসছিল।

ভুক্তভোগী মো. হুমায়ুন কবির শাহীন জানান, এর আগেও তার ট্রান্সফরমার দুইবার চুরি হয়েছে।

তিনি বলেন, ‘ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে রাস্তার পাশে স্থাপিত ট্রান্সফরমারের কাছে দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখি। তাদের হাতে রড, করাত ও কাটার মেশিন ছিল। আমি তাদের কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তারা আমাকে এলোপাতাড়ি ঘুষি মেরে পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়।’

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির বলেন, এ ধরণের ট্রান্সফরমার চুরি বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরগাছার কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এলাকাবাসীর আশঙ্কা, এই চোরচক্রের মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে এলাকায় ট্রান্সফরমার চুরির উপদ্রব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার চায় ইরান

ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্সেনালের সাবেক গোলরক্ষক

ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্সেনালের সাবেক গোলরক্ষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App