বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে শঙ্কা কাটছে না। এই অনিশ্চয়তার জেরে বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার সুযোগ দিতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ালেও, বুধবারই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান-সমর্থিত বাহিনী ওই এলাকায় অন্তত তিনটি কন্টেইনার জাহাজে গুলি চালিয়েছে এবং দুটি জাহাজ জব্দ করেছে বলে দাবি করেছে আইআরজিসি।
আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়েছে সরাসরি। ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৯০ ডলারের ওপরে স্থিতিশীল রয়েছে। জ্বালানি সরবরাহে এই দীর্ঘমেয়াদী সংকটের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সংঘাতের কোনো টেকসই সমাধান এখনো না আসায় বিনিয়োগকারীরা স্বস্তি পাচ্ছেন না।’
পরিস্থিতি আরও জটিল হয়েছে ট্রাম্পের বক্তব্যে। তিনি স্পষ্ট করেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপের প্রচেষ্টা চললেও ইরানের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই নিজেদের প্রভাব বিস্তারের লড়াইয়ে মরিয়া। ওভারসি-চাইনিজ ব্যাংকিং কর্পোরেশনের কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, ‘দুই দেশই এখন দেখার অপেক্ষায় রয়েছে কে আগে নতি স্বীকার করে। এই স্নায়ুযুদ্ধ ও অন্তর্বর্তীকালীন অস্থিরতা বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে।’
গত সাত সপ্তাহে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এখন শান্তি আলোচনার ভবিষ্যৎ ও তেলের বাজারের অস্থিরতা কাটবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। বুধবার এশিয়ার শেয়ারবাজারে লেনদেনেও এর প্রভাব ছিল স্পষ্ট, যেখানে বিনিয়োগকারীরা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন।
